এবার এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। তার দাবি, টাকা কিংবা শিডিউল—প্রযোজকপক্ষের আসলে চাওয়া কী, তা নিয়েই তৈরি হয়েছে বিভ্রান্তি।
আসন্ন ঈদে সিনেমা মুক্তি এবং অন্য ছবিতে কাজ করার বিষয়ে রাজ জানান, ঈদে ‘ঠিকানা’ মুক্তির পরিকল্পনা থাকলেও চুক্তিতে অন্য কোনো সিনেমায় কাজ করা যাবে না, এমন শর্ত ছিল না। তা ছাড়া প্রযোজকের পাঠানো আইনি নোটিশেও ছবিটি ঈদের পর মুক্তির কথা উল্লেখ করা হয়েছে বলে দাবি তার।
চুক্তির শর্ত নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন রাজ। তার দাবি, চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় সিনেমাটির মুক্তি ও শিডিউল সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে। তবে ছবিটি ঠিক কবে মুক্তি পাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। এর মধ্যে শিডিউল নিয়ে আইনি নোটিশ পাঠানোয় তিনিও আইনিভাবে বিষয়টির মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ বলেন, ‘এখন আমিও আইনিভাবে কথা বলব। চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটা ছবি করছি না। যাই হোক পেশাগত জায়গায় আমি এসব বিষয়ের চেয়ে কাজ নিয়ে বেশি ভাবতে চাই। প্রযোজক-পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, আশা করি তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’
আইনি নোটিশকে ঘিরে প্রযোজক ও অভিনেতার এমন পাল্টাপাল্টি বক্তব্যে ‘ঠিকানা’ সিনেমার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেটিই দেখার অপেক্ষা।