রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২৪ নেতাকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন ১০ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এদিন শুনানিকালে ১৫ আসামির পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর ২৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আসামিরা হলেন আ. রহিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, সাব্বির হোসেন, কামরুল হাসান (আলম), মুন্না মিয়া, সামিন ইয়াছির (সাদাফ), রাতুল, এইচ এম জাকারিয়া রহমান ওমান, মিনহাজুল ইসলাম ফাহাদ, সোহেল আহম্মেদ, সোহরাব, হযরত আলী, আজহারুল ইসলাম মাসুদ, চাঁন মিয়া, হাবিব সিকদার, জহির হোসেন, মেহেদী হাসান, কবির ভান্ডারী, বাবুল গোপ, ফরিদ আহমেদ, ইন্দ্রনীল দেব শর্মা, নজরুল ইসলাম ও মাসুদ হাসান শামীম।
গত ১২ সেপ্টেম্বর তাদের ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এখন পর্যন্ত এ মামলায় অর্ধশতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে রিমান্ডেও নেওয়া হয়।
গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বাদী হয়ে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।