নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত আব্দুর রহিম নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। গতকাল শুক্রবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহিম উপজেলার বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলাইশিমুল (চকপাড়া) গ্রামে পূর্বশত্রুতার জের ও ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
আজ শনিবার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, পূর্বশত্রুতা ও ধান শুকানোর জেরে একই গ্রামের জসিম উদ্দিন গংদের সঙ্গে আব্দুর রহিম গংদের গত বৃহস্পতিবার সংঘর্ষ হয়। এতে বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমসহ ১০ থেকে ১২ জন আহত হন। পরে গুরুত্বর আহত আব্দুর রহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি মেহেদী মাকসুদ জানান, এ বিষয়ে এখনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।