পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের আওতায় আসতে হবে।’
বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তিনি দেশে ফেরেন।
এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে ফুলেল সংবর্ধনা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, জনাব মোবারক হোসাইন, জনাব নূরুল ইসলাম বুলবুল এমপি ও জনাব মো: সেলিম উদ্দিনসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জামায়াত আমির বলেন, ‘যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলার সময় তিনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতেন, তাহলে তখনই তার দেশে আসা দরকার ছিল। তিনি আসেননি—এর মানে হচ্ছে তিনি দেশকে ধারণ (ওন) করেন না এবং আইনকেও ভয় পান।’ এখন আর শেখ হাসিনার কোনো কথা বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা বা ব্যর্থতার বিশ্লেষণে না গিয়েও সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘একটি স্বাধীন দেশের ভেতরে একটি জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার চেষ্টা—এরা কারা? আইন ও সংবিধানের দৃষ্টিতে এরা দেশদ্রোহী।’
দেশের কোনো অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোনো নাগরিক বা আইনি অধিকার কারো নেই বলেও সাফ জানান তিনি।
বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং থানায় হামলা ও লুটের ঘটনার উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘খুনের নেশা এখনো কাটেনি এবং ফ্যাসিবাদী চরিত্রে কোনো পরিবর্তন আসেনি।’
যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারা যেন এটি ভালো করে মনে রাখেন যে যুবসমাজ ও আপামর জনগণ তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছিল।’
হত্যাকাণ্ড ও বর্বরতার বিচার না হওয়া পর্যন্ত জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে বলে দাবি জানান তিনি।
জাতীয় ঐক্য প্রসঙ্গে ডা. শফিকুর রহমান জানান, ‘সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি গিয়েছিলেন। সেখানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।’
বৃহত্তর স্বার্থে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনে একসাথে কাজ করার কথা বলেন তিনি।
পরবর্তী সময়ে সংসদে ঐক্যের যে আহবান জানানো হয়েছে, তাকে সম্মান জানানোর কথা বললেও তিনি সতর্ক করে বলেন, ‘এই ঐক্য কোনো অস্থায়ী (ট্রানজিশনাল) ঐক্য হলে চলবে না; আমাদের অবশ্যই টেকসই ঐক্যের দিকে যেতে হবে।’
জাতীয় ঐক্যে ফাটল ধরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে জামায়াত আমির বলেন, ‘জনগণের রায় অস্বীকার করা, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের মতো পদক্ষেপ থেকেই সমস্যার সৃষ্টি হয়েছে।’ এসব বিষয় স্পষ্ট হলেই ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।