ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ধানমন্ডি, মিরপুর রোড এবং হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ ও অবৈধ দখলমুক্তকরণের লক্ষ্যে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অঞ্চল-১-এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
ধানমন্ডি এলাকায় উচ্ছেদ অভিযান ও জরিমানা: ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন সাইন্স ল্যাবরেটরীর বিপরীতে হাউজ নাম্বার-১, রোড নাম্বার-২ এবং ধানমন্ডি মিরপুর রোডের রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা হতে সকল প্রকার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পরিষ্কার করা হয়। এ সময় ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করায় ৩টি মামলার মাধ্যমে নগদ তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
হাতিরপুলে সচেতনতা ও মশক নিয়ন্ত্রণ অভিযান: অঞ্চল-১-এর অধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরপুল সংলগ্ন কাঁচাবাজার ও পার্শ্ববর্তী এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণকল্পে আজ বেলা ১১টা থেকে বিকেল আনুমানিক ৩টা পর্যন্ত অপর একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় নাগরিক সচেতনতা বৃদ্ধি ও বাজার/দোকানপাট শৃঙ্খলায় আনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আজকের অভিযানে পৃথক স্থানে মোট ২৪টি মামলায় সর্বমোট ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে পরিচালিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।