ফরিদপুরের সালথায় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মো. খায়রুজ্জামান বাবু মোল্যা (৪৮) উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. প্রয়াত আব্দুল কুদ্দুছ মোল্যার ছেলে। তিনি সোনাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খায়রুজ্জামান বাবু মোল্যা পলাতক ছিলেন। কয়েক মাস ধরে তিনি মাঝে মাঝে গোপনে এলাকায় আসা-যাওয়া শুরু করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘ইউপি চেয়ারম্যান বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নটখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হবে।’