রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজারের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, দিদারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল বোটঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। ফাঁড়ির আক্কেল আলীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দিদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, দিদার ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার দিদারের বাবার নাম ইউসুফ আলী এবং মায়ের নাম কুলসুম বেগম। তিনি রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকার নামার বাজারে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
দিদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজারের বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।