‘ঠিকানা’ ঘিরে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার। নোটিশে অভিনেতাকে জবাব দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
‘রিয়েল এনার্জি প্রোডাকশন’র স্বত্বাধিকারী শাহরিন আক্তারের অভিযোগ, ‘ঠিকানা’ সিনেমায় অভিনয়ের জন্য শরিফুল রাজের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তার শর্ত যথাযথভাবে মানা হয়নি। বিশেষ করে এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘনের কারণে প্রযোজনা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি তার।
এ ঘটনায় আইনজীবীর মাধ্যমে রাজের কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রযোজক। নোটিশে জানানো হয়েছে, নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভিনেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে চুক্তির ঠিক কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে কিংবা এর ফলে প্রযোজনা প্রতিষ্ঠানের কত টাকা ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে অভিযোগের বিষয়ে শরিফুল রাজের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফলে প্রযোজকের তোলা অভিযোগের বিষয়ে অভিনেতার অবস্থানও স্পষ্ট নয়।
২০১৬ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু করেন শরিফুল রাজ। এরপর বিভিন্ন চরিত্রে অভিনয় করে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। চলতি বছর তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেতা।