জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ খবরের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে ইঙ্গিত করে কটাক্ষমূলক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শেখ হাসিনার কথিত মনোভাব তুলে ধরে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতকে যা দিয়েছি, আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’
পোস্টের শেষাংশে ঢাকার উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, ‘আসো, খাঁচা আর দড়ি রেডি আছে।’
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ চেয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা চেয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।