মাদারীপুরে স্কুলে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ রোববার স্থানীয় আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।
আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির ছাত্র মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির নুর আলমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্কুলের শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
পরে আজ স্কুল ছুটির পর বের হওয়ার পথে পূর্বের বিরোধের জেরে নুর আলম বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রসহ মিনহাজের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মিনহাজের চিৎকারে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসেন। পরে তাহসিন সিকদার নামে এক বহিরাগতকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দেওয়া হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘স্কুল ও কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালানোর ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাং সংক্রান্ত মামলা করে আদালতে পাঠানো হয়েছে ।’