সংসদের সদস্যরা (এমপি) স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান দেখাবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার সংসদের বৈঠকের শুরুতে এ বিষয়ে রুলিং দিয়ে এ সিদ্ধান্ত জানান তিনি।
গত সোমবার সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, সংসদ কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় অনেক সদস্য স্পিকারের চেয়ারের দিকে মাথা নত করে সম্মান জানান, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এ ধরনের আচরণ নিয়ে আপত্তি রয়েছে।
মুজিবুর রহমান সংসদকে স্মরণ করিয়ে দেন, কার্যপ্রণালী বিধিতে একসময় ‘ঝুঁকিয়া’ শব্দটি থাকলেও পরে তা বাদ দেওয়া হয়েছে। তাই সংসদ সদস্যদের সালাম বা অন্য কোনো উপায়ে সম্মান জানানোর সুযোগ থাকা উচিত বলে তিনি মত দেন।
আজ স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৭(১) ধারায় বলা হয়েছে, ‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ-কক্ষ ত্যাগ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। এই বিধিতে আগে ‘‘ঝুঁকিয়া’’ শব্দটি ছিল। তবে ২০০৬ সালে তা সংশোধন করা হয়।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন দেয়। পরে ওই বছরের ২৬ সেপ্টেম্বর সংসদে তা গৃহীত হয়।
এরপর সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘যেহেতু ‘‘ঝুঁকিয়া’’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যারা যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’