ফরিদপুরের মধুখালীতে পারিবারিক কলহের জেরে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনই হাসপাতালে ভর্তি রয়েছেন।
আজ মঙ্গলবার ভোরের দিকে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ভোরের দিকে ভুক্তভোগী আবু দাউদ (৫০) ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন স্ত্রী। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কবির হোসেন বলেন, রোগীর অবস্থা আশঙ্কাজনক নয়। সামান্য কেটেছে। তার স্ত্রীও হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’