মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সম্প্রতি দেশটি সফর করছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও দেখা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর একসঙ্গে থাকার ভিডিও’র আবহে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’।
এ নিয়ে গতকাল মঙ্গলবার (২৩ জুন) দিনভর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হলেও বিষয়টি সম্পর্কে একদমই জানতেন না গায়ক হাবিব। তবে যখন জানতে পেরেছেন, তখন বিস্মিত হয়েছেন তিনি নিজেও।
আজ বুধবার (২৪ জুন) এ প্রসঙ্গে গায়ক বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন হাতে নিয়ে বিভিন্ন পরিচিতদের পাঠানো লিংক দেখতে পাই। পরে কৌতূহল থেকে লিংকে ক্লিক করে দেখতে পাই ভিডিওটি। এমন ভিডিওতে আমার গান শুনে অবাক হয়েছি।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে, যা আমার জন্য আনন্দের। একইসঙ্গে বিষয়টি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। দুই দেশের সম্পর্কের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ সফরে আমার গান ব্যবহার করায় নিজেকে সম্মানিত বোধও করছি। সত্যি বলতে আমি ভাগ্যবান বলে মনে করছি নিজেকে।’
এদিকে এ ব্যাপারে আগে থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেননি বলেও জানিয়েছেন সংগীতশিল্পী হাবিব। তিনি বলেন, ‘এটি নিয়ে কেউ আমার সঙ্গে কথাও বলেনি, আমি নিজেই অবাক হয়েছি।’
তার ভাষ্য মতে, ভিডিওতে ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়ার কারণ হয়তো সংশ্লিষ্টদের কাছে গানটি ভালো লেগেছে। আর কারণেই গানটি ব্যবহার করা হয়েছে।