মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী হিসেবে চান যেমন মানুষ

বিনোদন প্রতিবেদক:

সমসাময়িক অনেক অভিনয়শিল্পী ও বন্ধু বিয়ে করে সংসারী হয়েছেন। কেউ কেউ সংসার সামলানোর পাশাপাশি চালিয়ে যাচ্ছেন অভিনয়ও। তাঁদের উদাহরণ টেনে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রী সাফা কবিরকে—কবে বিয়ে করছেন তিনি? তবে বিয়ে কিংবা একা থাকা নিয়ে এমন প্রশ্নে বিরক্ত এই অভিনেত্রী। তাঁর মতে, বিয়ে করা বা একা থাকার সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত।

সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন সাফা কবির। এ সময় বিয়ে ও একক জীবন নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি।

সাফা বলেন, চারপাশে বন্ধুদের বিয়ে হচ্ছে, অনেকে সন্তান নিয়ে সংসার শুরু করেছেন। এর মধ্যে নিজের একা থাকা নিয়েও তাঁকে প্রায়ই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের প্রশ্ন অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে বলে মনে করেন তিনি।

অভিনেত্রীর মতে, তারকারাও সাধারণ মানুষের মতোই। তাঁদেরও ব্যক্তিগত জীবন, নিজস্ব সময় ও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। এ ক্ষেত্রে সবার আরও সংবেদনশীল ও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।

নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা কবির। তিনি বলেন, ‘নিজের জীবন নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দর একটি জীবন কাটছে আমার।’

তবে ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়েও নিজের পছন্দের কথা জানিয়েছেন অভিনেত্রী। শিক্ষিত, রসবোধসম্পন্ন ও ভালো মনের একজন মানুষকেই জীবনসঙ্গী হিসেবে চান তিনি।

অভিনয়জীবন নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন সাফা। নিজের অভিনীত কাজ নিয়ে কখনোই শতভাগ সন্তুষ্ট হতে পারেন না বলে জানান তিনি। তাঁর মতে, একজন শিল্পীর মধ্যে নিজের কাজ নিয়ে কিছুটা অতৃপ্তি থাকা প্রয়োজন। এই অতৃপ্তিই আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।

নিজের জীবনদর্শন তুলে ধরে সাফা বলেন, ‘আমি নিজেকে আত্মনির্ভরশীল মানুষ মনে করি এবং সব অবস্থায় ইতিবাচক থাকার চেষ্টা করি। নিজের সমস্যা নিজে সমাধান করা আর আশপাশের পরিবেশকে ইতিবাচক রাখাই আমার জীবনের অন্যতম লক্ষ্য।’

সব মিলিয়ে সামাজিক প্রত্যাশার চেয়ে নিজের ভালো থাকা, আত্মনির্ভরশীলতা ও ব্যক্তিগত পছন্দকেই বেশি গুরুত্ব দিতে চান সাফা কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা