রাজবাড়ীর গোয়ালন্দে ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামে একটি বিটুমিন তৈরির কারখানায় ব্য়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রমিক সোহেল রানা এবং আজ সোমবার সকাল ৯টায় শাওন মুন্ডা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান বলে নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন।
নিহত শ্রমিক সোহেল রানা (২৪) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শামসুদ্দিনের ছেলে। অপর শ্রমিক শাওন মুন্ডা (১৬) মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বিনন্দপুর গ্রামের ছুনু মুন্ডার ছেলে।
এর আগে গত ২৫ জুন সকালে কারখানাটিতে পুরোনো গাড়ির টায়ার পুড়িয়ে বিটুমিন উৎপাদনের কাজ চলছিল। এ সময় অতিরিক্ত চাপ সৃষ্টি হলে বিকট শব্দে ব্য়লার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে এবং সেখানে কর্মরত দুই শ্রমিক দগ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সহকর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, আহত শাওন মুন্ডার শরীরের প্রায় ৭০ শতাংশ এবং সোহেল রানার শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ পুড়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢামেকের বার্ন ইউনিটে পাঠানো হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘আহত দুইজন শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা দায়ের হয়নি এখনো পর্যন্ত।’
খোঁজে নিয়ে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই শুধু উজানচর ইউনিয়ন পরিষদ থেকে ২০২৩-২৪ সালের পুরাতন মালামাল পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছিল। এ ছাড়া পরবর্তী সময়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয় সেটার মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হয়ে যায়। এ কারখানায় প্রতি মাসে ৩-৫ লাখ আয় দেখিয়ে প্রায় দুই বছর আগে কারখানাটি সাভারের আমিন বাজার এলাকার মো. বাহাউদ্দীন নামে এক ব্যক্তি ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে গড়ে উঠেছে। ক্ষমতাশীল ব্যক্তির হাত থাকায় অনেকে মুখ খুলতে ভয় পাচ্ছে বলে জানায় ভুক্তভোগীরা।
স্থানীয়দের দাবি, ঝুঁকিপূর্ণ এই টায়ার পুড়িয়ে তেল উৎপাদন কারী কারখানার বিষাক্ত ধোঁয়ায় আশেপাশে টেকা যায় না। তাছাড়া এই অঞ্চলের শস্য উৎপাদনের ধ্বস নেমেছে এই কারখানার কারণে। বিষাক্ত ধোঁয়ার শিশুদের মারাত্মক সব রোগ হচ্ছে। বয়স্করা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।