গল্পটি দু’জন ফুলপ্রেমীর। রাজবংশের শেষ উত্তরসূরির ফুলের প্রতি ভালোবাসা আর বাবার রেখে যাওয়া ফুলের দোকানে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ-তরুণীর। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফুলের দোকানে আসে ফুল কিনতে। প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অবশেষে তুমি এলে’।
জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। গল্প লিখেছেন পারভেজ ইমাম। নাটকের প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে।
পরিচালক জানান, এ নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি ইতিমধ্যেই ইউটিউব প্ল্যাটফর্ম জাগো এন্টারটেইনমেন্টে প্রকাশ করা হয়েছে।
নাটকে একটি শাওন গানওয়ালা এবং অবন্তি সিথির কণ্ঠে একটি গান রয়েছে। ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত করেছেন কাওসার খান।