বিশ্বকাপের মাঝেই চমকে দেওয়ার মতো এক খবর পেলেন ফুটবলপ্রেমীরা। পেশাদার ফুটবলকে বিদায় জানানো ১১ বছর পর অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি রোনালদিনহো।
ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী ৪৬ বছর বয়সী রোনালদিনহো ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নার সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি শুধু রাভেন্নার হয়ে খেলবেনই না, ক্লাবটির শেয়ার কিনে উন্নয়ন প্রকল্পেও বিনিয়োগ করবেন বলে জানা গেছে।
রাভেন্না ক্লাব আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন।
নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রোনালদিনহো বলেন, ‘নতুন রং, কিন্তু একই হাসি। আমি আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন একটি গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল। সেই আনন্দই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’
ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে পুরো মৌসুমজুড়ে নিয়মিত খেলতে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
জানা গেছে, বিশেষ কিছু ম্যাচে তিনি মাঠে নামার পাশাপাশি ক্লাবের প্রচারণা ও বিভিন্ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী রোনালদিনহো ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও সৃজনশীল খেলোয়াড় হিসেবে পরিচিত। ২০০৩ সালে বার্সেলোনায় যোগ দিয়ে স্পেনে রিয়াল মাদ্রিদের আধিপত্য ভেঙে দলটিকে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০০৫ সালের ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত অর্জন ব্যালন ডি’অর জিতে নেন এই কিংবদন্তি।
২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবারের মতো পেশাদার ফুটবল খেলার পর অবসরে যান রোনালদিনহো। তাই প্রায় ১১ বছর পর তার এই প্রত্যাবর্তনের খবরে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে।