কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। জয় পেতে মরিয়া লড়াই করবে দুই দলই, তবে শক্তির বিচারে ফেভারিট হিসেবে এগিয়ে থাকবে ব্রাজিল। আজ রোববার দিবাগত রাত দুইটার মুখোমুখি হবে দুইদল।
একের পর এক ইনজুরিতে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ফুটবলারকে হারিয়ে নরওয়ের বিপক্ষে নতুন পরিকল্পনায় দল সাজাতে হচ্ছে কোচ কার্লো আনচেলত্তিকে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মিডফিল্ডে। ঊরুর চোটের কারণে বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন লুকাস পাকেতা।
রাউন্ড অব ৩২-এ জাপানের বিপক্ষে ম্যাচে ঊরুতে চোট পান পাকেতা। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টের বাকি অংশেও তার ফেরা কঠিন। ফলে বাধ্য হয়েই মিডফিল্ডে বিকল্প খুঁজতে হচ্ছে আনচেলত্তিক
গত দুই দিনের অনুশীলনে সেই বিকল্প হিসেবে সবচেয়ে বেশি দেখা গেছে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে। আর্সেনালের এই ফরোয়ার্ডকে শনিবারও সম্ভাব্য শুরুর একাদশে রেখেই অনুশীলন করিয়েছেন ইতালিয়ান কোচ। সবকিছু ঠিক থাকলে নরওয়ের বিপক্ষে পাকেতার জায়গায় মার্টিনেল্লিকেই দেখা যেতে পারে।
অবশ্য এই জায়গার জন্য দৌড়ে আছেন দানিলো সান্তোসও। বোটাফোগোর এই মিডফিল্ডারকে কয়েক দিন আগে একই পজিশনে পরীক্ষা করেছিলেন আনচেলত্তি। তবে শেষ দুই অনুশীলনে মার্টিনেল্লিই বেশি সময় ধরে মূল দলের সঙ্গে খেলেছেন। যদিও ম্যাচের একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে টিম মিটিংয়ে।
মার্টিনেল্লি স্বাভাবিকভাবে একজন উইঙ্গার হলেও নরওয়ের বিপক্ষে তাকে কিছুটা ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে। বলের দখলে থাকলে তিনি বাঁ দিক থেকে ভেতরে ঢুকে মাঝমাঠের সঙ্গে সংযোগ তৈরি করবেন। এতে আক্রমণে গতি ও সৃজনশীলতা দুটিই ধরে রাখার চেষ্টা করবে ব্রাজিল।
পাকেতার অনুপস্থিতি ছাড়া জাপানের বিপক্ষে যে দল খেলেছিল, বাকি একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রক্ষণ ও মধ্যমাঠে অভিজ্ঞ খেলোয়াড়দের ওপরই আস্থা রাখছেন আনচেলত্তি।
এদিকে ব্রাজিল শিবিরে স্বস্তির খবরও আছে। ডান উরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনহা। শনিবার তিনি ব্যক্তিগত অনুশীলনের পাশাপাশি দলের সঙ্গেও কিছু সময় কাটিয়েছেন। আগের দিনের তুলনায় তার অংশগ্রহণও ছিল বেশি। যদিও নরওয়ের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা এখনও কম বলেই মনে করা হচ্ছে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন; দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারেস; রায়ান, ম্যাথিয়াস কুনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ভিনিসিয়ুস জুনিয়র।