রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট করায় নাসিম শাহ’র ২ কোটি রুপি জরিমানা

প্রতিবেদকের নাম

পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জরিমানার মুখে পড়েছেন পেসার নাসিম শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্ট, যা দ্রুত মুছে ফেলা হয়েছিল এবং যেখানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সমালোচনার ইঙ্গিত ছিল—সেই ঘটনায় কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ দর্শানোর নোটিশ দেওয়ার দুই দিন পর বোর্ড জানায়, নাসিমকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিজের হয়ে খেলার চুক্তি করা নাসিম টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে ওই মন্তব্য করেন। গত সপ্তাহে বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি ঘোষণা করেছিলেন, জ্বালানি সাশ্রয় এবং পশ্চিম এশিয়ার সংকট ও হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে দর্শক ছাড়াই পাকিস্তান সুপার লিগ অনুষ্ঠিত হবে।

তবে প্রথম ম্যাচে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজি মরিয়ম নওয়াজকে গাদ্দাফি স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায়। সেখানে তিনি লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসম্যানের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই প্রেক্ষাপটে বোর্ডের একটি পোস্ট শেয়ার করে নাসিমের অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘লর্ডসে রানির মতো তাকে কেন দেখা হচ্ছে?’ কয়েক মিনিট পরই পোস্টটি মুছে ফেলা হয় এবং জানানো হয় যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, পরে সেটি পুনরুদ্ধার করা হয়েছে।

বোর্ড জানায়, তিন সদস্যের শৃঙ্খলা কমিটি এ বিষয়ে শুনানি করে। সেখানে নাসিম নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং তার সামাজিক মাধ্যম ব্যবস্থাপককে বরখাস্ত করেন। বোর্ড ওই ব্যবস্থাপককে ভবিষ্যতে কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করা থেকে নিষিদ্ধ করেছে।

তবুও এতে সন্তুষ্ট হয়নি বোর্ড। তাদের মতে, নাসিম কেন্দ্রীয় চুক্তির বিভিন্ন শর্ত ভঙ্গ করেছেন। বোর্ড জানায়, পেশাদার মান, চুক্তিগত দায়বদ্ধতা ও খেলাটির মর্যাদা রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ।

সম্প্রতি ক্রিকেটারদের রাজনৈতিক মতপ্রকাশ দমনে কঠোর অবস্থান নিয়েছে বোর্ড। গত বছর অলরাউন্ডার আমির জামাল সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইমরান খানের প্রতি সমর্থনসূচক স্লোগান প্রদর্শনের কারণে ১০ লাখ রুপির বেশি জরিমানার মুখে পড়েছিলেন।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে অনুশীলনের দিনে জামাল তার টুপির নিচে “৮০৪” লিখে মাঠে আসেন, যা কারাবন্দি ইমরান খানের বন্দি নম্বর।

সে সময় জরিমানাটি বড় মনে হলেও, নাসিমের ওপর আরোপিত শাস্তি তার চেয়ে ১৬ গুণ বেশি। এটি তার কেন্দ্রীয় চুক্তির প্রায় আট মাসের বেতনের সমান, যেখানে তিনি বর্তমানে ‘সি’ ক্যাটাগরিতে আছেন।

এ বছরের খেলোয়াড় নিলামে নাসিমই ছিলেন সবচেয়ে দামি ক্রিকেটার। রাওয়ালপিন্ডিজ তাকে ৮ কোটি ৬৫ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা