প্রিয় খেলোয়াড়কে নিয়ে ভালোবাসার প্রকাশ ঘটালেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আঁকলেন ফুটবল জাদুকর লিওনেল মেসির ছবি। যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। আর অনেকেই মেতেছেন চঞ্চলের প্রশংসায়। অভিনেতার আঁকা মেসির ছবিটি ভক্তদের মন ছুঁয়েছে।
আজ শনিবার (২০ জুন) দুপুরে ফেসবুকে মেসির ছবিটি (স্কেচ) প্রকাশ করেছেন চঞ্চল। নিখুঁত আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে মেসির চুল, দাড়ি, চোখ ও স্বাক্ষরসুলভ হাসি। ছবির ক্যাপশনে ‘আয়নাবাজি’খ্যাত এই তারকা লিখেছেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব, এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’
চঞ্চলের আঁকা মেসির প্রতিকৃতি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। পোস্টটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই সাড়ে পাঁচ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে। দুই শতাধিক মন্তব্যে ভক্তরা অভিনেতার বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘আপনি দুই বাংলার একজন খ্যাতনামা অভিনেতা, পাশাপাশি একজন প্রতিভাবান অঙ্কনশিল্পী এবং অসাধারণ কণ্ঠশিল্পীও।’ আরেকজনের কথায়, ‘মেসি যেমন ফুটবলে সেরা, আপনি তেমন অভিনয়ে সেরা।’
অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও সমান দক্ষ চঞ্চল চৌধুরী। প্রায়ই নিজের আঁকা বিভিন্ন প্রতিকৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। এর আগে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফি, তাসনিয়া ফারিণ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ অনেকের ছবি ডিজিটাল তুলিতে এঁকেছেন এই অভিনেতা।