শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

প্রতিবেদকের নাম

কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা। এবার তা মুক্তি পাচ্ছে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২টি থিয়েটারে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো জানিয়েছে, প্রথম সপ্তাহে কানাডার ১০টি, আমেরিকার ৩৮টি ও যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ‘বনলতা এক্সপ্রেস’। যেখানে বিশ্বখ্যাত সিনেমা চেইন এএমসি’র (ইউএসএ) ২১টি, রিগ্যাল’র (ইউএসএ) ১৪টি, সিনেপ্লেক্স’র (কানাডা) ১০টি, সিনেমার্ক’র (ইউএসএ) ২টি, শোকেজ’র (ইউএসএ) ১টি ও সিনেওয়ার্ল্ড’র ৪টি স্ক্রিন রয়েছে। যুক্তরাজ্যে সিনেমাটির ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে রেভেরি ফিল্মস।

কানাডা, আমেরিকা ও যুক্তরাজ্যের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে ‘বনলতা এক্সপ্রেস’র পরিচালক তানিম নূর দর্শকদের সপরিবারে সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন। নির্মাতার কথায়, ‘“উৎসব” দেশ-বিদেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছিল। “বনলতা এক্সপ্রেস” বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।’

স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বিশ্ববাজারে আমাদের সিনেমার যে বাজার আমরা তৈরি করেছি, সেটাকে আরও উপরে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাক টু ব্যাক বা ধারাবাহিকভাবে ভালো সিনেমা মুক্তি দেওয়া। তানিম নূর “উৎসব”র পর “বনলতা এক্সপ্রেস” নির্মাণ করে সে কাজটি দারুণভাবে করলেন আমাদের জন্য।’

আন্তর্জাতিক পরিবেশক সংস্থাটি জানায়, বিদেশের মাটিতে প্রথম সপ্তাহে উৎসব’র চেয়ে ১৫টি থিয়েটার বেশি পেয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ১০ এপ্রিল এলএ, কানেক্টিকাট, অস্টিনসহ আরও ৪টি থিয়েটার যুক্ত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বিশ্ববাজারে বাংলাদেশী সিনেমার মধ্যে ‘উৎসব’ রয়েছে ৩ নম্বরে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘হাওয়া’ ও ‘পরান’।

এদিকে, প্রথম সপ্তাহে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যেসব শহরে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’:

কানাডা 

টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ক্যালগারি, ভ্যানকুভার, এডমন্টন, রেজিনা ও হ্যালিফ্যাক্স।

যুক্তরাষ্ট্র

নিউইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাফেলো, ডেট্রয়েট, নেশভিল, শার্লটে, মায়ামি, টাম্পা, ওকলাহোমা সিটি, ফিনিক্স, আটলান্টা ও সান ফ্রান্সিসকো বে এরিয়া।

ইংল্যান্ড 

লন্ডন ও বার্মিংহাম।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’র বিভিন্ন চরিত্রে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানীসহ একঝাঁক তারকা। প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই স্টুডিওস। নিবেদনে ইউসিবি। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে স্বপ্ন স্কেয়ারক্রো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা