বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাহুলের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি

প্রতিবেদকের নাম

ওড়িশার তালসারিতে একটি সিরিয়ালের শুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে গিয়ে মারা যান জনপ্রিয় টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তবে তার মৃত্যুতে কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। বিশেষ করে শুটিং ইউনিটের বক্তব্যের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে অসঙ্গতি পাওয়ায় রহস্য আরও দানা বেঁধেছে! এমন অবস্থায় শুটিংয়ে শিল্পীদের নিরাপত্তা-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।

তাদের অভিযোগ, গাফিলতির কারণেই প্রাণ হারালেন রাহুল। সেই প্রেক্ষিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে ‌কালো তালিকাভুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি রাহুলের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে।

গতকাল সোমবার (৩০ মার্চ) অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছে এআইসিডব্লিউএ। পাশাপাশি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছে তারা। সংগঠনটির দাবি- ‘এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। আমাদের সংগঠনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে যে, প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়শই শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করে থাকে। ফলে কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে।’

যোগ করে আরও বলা হয়, ‘প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের সিনেজগতে এমন দুর্ঘটনা ঘটে। যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী ও শিল্পীদের প্রাণহানি ঘটে। তবে দুর্ভাগ্যবশত, এই ধরনের ঘটনাগুলো প্রায়শই ধামাচাপা দেওয়া হয় এবং দোষীদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। সেই প্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।’

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে রাহুলের ঘটনার অধিকতর তদন্তের দাবিও তুলেছে এআইসিডব্লিউএ। সর্বভারতীয় এই চলচ্চিত্র সংগঠনের দাবি, ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে ‘হত্যা’র অভিযোগে এফআইআর দায়েরের পাশাপাশি প্রযোজক, প্রযোজনা সংস্থা ও চ্যানেলকেও কালো তালিকাভুক্ত করা হোক।

এ ছাড়াও রাহুলের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও সোচ্চার হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এই ক্ষতিপূরণ প্রযোজনা সংস্থা ও চ্যানেলের কাছ থেকে আদায় করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা