কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শ্বাসকষ্ট, অনিদ্রা ও পায়ের সমস্যায় ভুগছেন তিনি। এর মধ্যে আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চঞ্চল চৌধুরী লেখেন, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর অসুস্থতার খবর দেখছেন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না বলে জানতে পেরেছেন।
রিফাত চৌধুরীকে ব্যক্তিগতভাবে চেনেন জানিয়ে চঞ্চল বলেন, তার কবিতা ও অভিনয়ের ভক্ত, সহকর্মী এবং টেলিভিশন ও সিনেমা অঙ্গনের বিভিন্ন সংগঠনসহ সংশ্লিষ্ট সবাই যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়ান।
চঞ্চল লেখেন, ‘আমরা সবাই ওনার পাশে থাকলে, উনি একা নন! আমরা কেউই জানি না, কার জীবনে কখন কোন বিপদ আসবে। মানুষ মানুষের জন্য… মানবতার জয় হোক।’
এরই মধ্যে রিফাত চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সঙ্গে যোগাযোগও করেছেন চঞ্চল। শুধু খোঁজ নেওয়াই নয়, তার চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
চঞ্চল বলেন, ‘আমি যোগাযোগ করেছি, তার খোঁজ নিয়েছি। রিফাত ভাই একা নন। আমি তার পাশে আছি। তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমিসহ আমাদের সংগঠনগুলো তার পাশে থাকবে।’
রিফাত চৌধুরীর সঙ্গে সার্বক্ষণিক রয়েছেন চিকিৎসক ও কবি অমিতাভ অরণ্য। তিনি জানান, চঞ্চল চৌধুরী ফোন করে রিফাতের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। পাশাপাশি তার চিকিৎসা যাতে যথাযথভাবে হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।
গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। কেবিন না পাওয়ায় এতদিন ওয়ার্ডেই তার চিকিৎসা চলছিল। পরে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে তাকে একটি কেবিন দেওয়া হয়।
অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সংকটের খবর সামনে আসার পর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তার পাশে দাঁড়ানোর আহ্বানও জোরালো হচ্ছে।