মুক্তির আগেই রেকর্ড গড়ে আলোচনায় উঠে এসেছে দক্ষিণী তারকা আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘রাকা’। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকা সিনেমাটিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।
মুক্তির প্রায় এক বছর আগেই এমন সাফল্যে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে। এরই মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ‘রাকা’।
সর্বভারতীয় এই সিনেমার শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীর মোশন-ক্যাপচার করা হয়েছে। আর একই সময়ে সর্বাধিক ৩৭ জন মানুষের গতিবিধি ধারণের এই কাজের স্বীকৃতি হিসেবেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে সিনেমাটির।
সিনেমাটির প্রযোজক সংস্থা সান পিকচার্স সোমবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই খবর প্রকাশ করে। সেখানে পরিচালকের পাশে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদ হাতে আল্লু অর্জুনের একটি ছবিও শেয়ার করা হয়।
পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘ইতিহাস তৈরি হলো। এক বিশ্বব্যাপী বিজয় যা ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে গেল!’
অন্যদিকে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল সাইটেও ‘রাকা’র এই অর্জনের কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বাস্তব সময়ে সর্বাধিক ৩৭ জন মানুষের গতিবিধি ধারণের রেকর্ড অর্জন করেছে সান টিভি নেটওয়ার্ক লিমিটেড এবং ভি. অরুণকুমার, যিনি অ্যাটলি নামেও পরিচিত—আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমার জন্য।
মুক্তির আগেই গিনেস রেকর্ডে নাম লেখানোয় সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে। এখন দেখার বিষয়, প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘রাকা’ দর্শকদের কতটা চমকে দিতে পারে।