যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ বাঙালি আয়োজন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেনসের(এনএবিসি) ৪৬তম আসর। তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অভিনয় শিল্পী, নির্মাতা, লেখক এবং সাংস্কৃতিক তারকারা। ফলে যুক্তরাষ্ট্রে এখন দুই বাংলার শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, চিত্রনায়ক ইমন, লেখক সাদাত হোসেনসহ আরও অনেকে।
অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা যীশু সেনগুপ্ত, সৌরভ দাস, দর্শনা বণিক, পায়েল সরকারসহ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের বহু পরিচিত মুখ।
প্রতিবছরের মতো এবারও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো বাংলা ভাষাভাষী মানুষ এই সম্মেলনে অংশ নিয়েছেন। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে উঠেছে পুরো আয়োজন।
প্রবাসী বাঙালিদের কাছে এটি শুধু একটি সাংস্কৃতিক উৎসব নয়, বরং মাতৃভাষা ও শিকড়ের সঙ্গে নতুন করে সংযুক্ত হওয়ার এক আবেগঘন উপলক্ষ।
এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ বাংলা সিনেমা প্রদর্শনী। বাংলাদেশ থেকে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘সাবা’ ও ‘দম’। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে প্রদর্শিত হচ্ছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘দেবী চৌধুরানী’।
সিনেমা প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে। এ ছাড়া সাহিত্যিক, শিল্পী, নির্মাতা ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে নানা আলোচনা, মতবিনিময় এবং সাংস্কৃতিক আয়োজনও সম্মেলনকে প্রাণবন্ত করে তুলেছে।
সম্মেলনে অংশ নেওয়া চিত্রনায়ক ইমন বলেন, ‘নর্থ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করে এখানে এসেছেন। এটি বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় মিলনমেলাগুলোর একটি। চারদিকে উৎসবমুখর পরিবেশ, সবাই একসঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করছেন।’