সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

টঙ্গীতে দিনদুপুরে হামলা-ডাকাতি, ইয়ুথ বাংলা টিভিতে ভিডিও ভাইরাল হওয়ার পর ‘কলা ইমরান’ গ্রেপ্তার

মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় দিনদুপুরে সংঘবদ্ধ হামলা ও ডাকাতির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত ইমরান ওরফে ‘কলা ইমরান’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১), উত্তরা।

জানা যায়, গত ২২ এপ্রিল দুপুর আনুমানিক ৩টা ৪০ মিনিটে দত্তপাড়া আলম মার্কেট এলাকায় একটি ভাঙারি দোকান ও বাস কাউন্টারে সংঘবদ্ধ একটি দল হামলা চালায়। অভিযোগ রয়েছে, ইমরানসহ অজ্ঞাতনামা ৫-৬ জন সেখানে এসে ভুক্তভোগীদের ওপর অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগী মো. নাজির ও মো. মিজান টঙ্গী পূর্ব থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, অভিযুক্ত ইমরান দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তারা উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে এবং মারধর চালায়। একপর্যায়ে নাজিরের কাছ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং মিজানের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীরা জানান, পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ঘটনার পর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ইয়ুথ বাংলা টিভি-তে ভাইরাল হলে    এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-১ মূল অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমরান ‘কলা ইমরান’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত সব অভিযুক্তকে গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা