বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধূমপানের দৃশ্য নিয়ে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের বক্তব্য

প্রতিবেদকের নাম

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’ শিরোনামের একটি সংবাদ ও ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এর ব্যাখ্যা প্রদান করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছে।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যন এস এম আব্দুর রহমানের পাঠানোএক বিবৃতিতে বলা হয়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়‌‌‌‌’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণকারী কোন একজন বক্তা তার ব্যক্তিগত মতামত হিসেবে বিষয়টি উপস্থাপন করেছিলেন। সভায় মূলত তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ বাস্তবায়ন, চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য প্রদর্শন নিরুৎসাহিতকরণ এবং শিশু-কিশোরদের সুরক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় হয়।

বিবৃতিতে বলা হয় – স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ‌‌‌‌‘ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার প্রদান করা হবে না‌‌‌‌‌’ এ ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি এবং এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নেই। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নির্দিষ্ট আইন ও বিধি দ্বারা গঠিত ও পরিচালিত হয়। এ সংস্থা তার গাইডলাইনের বাইরে যাওয়ার ক্ষমতা বা সুযোগ রাখে না।

এস এম আব্দুর রহমান বলেন, চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যন এবং বাংলাদেশ সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আইন ও বিধি অনুযায়ী কাজ করাই আমার দায়িত্ব। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের তরফ থেকে ‌‌‌‌‘সিনেমায় ‌ধূমপানের দৃশ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’ এ জাতীয় বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই এবং আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে।

তিনি বলেন, আমার বক্তব্য ছিল, মূলত: সিনেমায় ধূমপানের দৃশ্যের ক্ষেত্রে আইন ও বিধি-বিধান প্রতিপালনে সার্টিফিকেশন বোর্ড যথাযথ ভূমিকা রাখবে। এখানে সংবাদের শিরোনাম ও বক্তব্যের ভুল উপস্থাপন থেকেই বিভ্রান্তির সূত্রপাত হয়েছে। আশা করি, এ ব্যাখ্যার মাধ্যমে জনমনে সৃষ্ট বিভ্রান্তির অবসান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা