বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বহুতল ভবন থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের ৮ তলা থেকে ফেলে আসমা ঝিলিক (৩৫) নামে এক অভিনেত্রীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১২ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত আসমা ঝিলিক নাটক ও সিনেমায় অভিনয় করতেন। সিনেমায় শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।

এ বিষয়ে চিত্রনায়ক অনিক রহমান অভি বলেন, ‘ঝিলিক আর নেই। স্বামীর দাবি ৮ তালার বারান্দা থেকে পড়ে গেছে। কিন্তু পরিবারের দাবি স্বামী মেরে ফেলেছে।’

তিনি দাবি করেন, বিয়ের পর ঝিলিক জানতে পারে আগে স্বামীর সংসার ও সন্তান ছিল। যা ঝিলিকের কাছে গোপন করা হয়েছিল। বিয়ের পর কারো সাথে ওকে কথা বলতে দেয়নি। ফেসবুক, ফোন ব্যবহার করতে দেওয়া হতো না। মিডিয়া থেকে পুরোপুরি দূরে রাখা হয়েছিল। বিয়ের পর ঝিলিককে অমানবিক নির্যাতন করা হতো। মাঝে মধ্যে ওর ভাইয়ের ফোনে কল করে কান্নাকাটি করতো সে।’

আসমা ঝিলিকের ভাই মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বোনকে ওর স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমন্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার বোন আসমা ঝিলিক ও তার স্বামী সাইফুল্লাহ বাংলাদেশ মেডিকেলে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেখানেই রাগারাগির একপর্যায়ে ৮ তলা থেকে আসমা ঝিলিককে ফেলে দেয় সাইফুল্লাহ।’

আসমার বোন রেশমি আক্তার লোপা নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমার কলিজার টুকরা বোনকে (আসমা আক্তার ঝিলিক) গতকাল শুক্রবার দুপুর দেড়টায় ওর হাজব্যান্ড ধানমন্ডি বাংলাদেশ মেডিকেলের ৮ তলা থেকে ফেলে দেয় এবং মারা যায়। তার কিছুক্ষণ আগেই আমার বোনের সঙ্গে ভিডিওকলে স্বাভাবিক কথা হয়েছে, গল্প করেছি। আমি কিছু লিখতে পারছি না। সবাই আমার বোনের জন্য দোয়া করেন। আমি কীভাবে বেঁচে থাকব।’

পরিবারের পক্ষ থেকে বহুতল ভবন থেকে ফেলে হত্যার অভিযোগ করা হলেও, পুলিশ বলছে প্রাথমিকভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল বলেন, ‘আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত হয়েছে। মামলা হয়েছে। আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।’

আসমা ঝিলিক ছোট ও বড়পর্দায় নিয়মিত কাজ করলেও কয়েক বছর ধরে কাজ থেকে দূরে ছিলেন। জানা গেছে, এক প্রযোজককে বিয়ে করে সংসারি হয়েছিলেন। স্বামীর অনাগ্রহে শোবিজ থেকে নিজেকে সরিয়ে নেন ঝিলিক। ভালোবেসে বিয়ে করলেও বিয়ের কিছু দিন না যেতেই স্বামীর নির্যাতনের শিকার হন ঝিলিক, এমনটাই দাবি নায়িকার সহকর্মীদের।

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ঝিলিকের ক্যারিয়ার শুরু হয়। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার পাশাপাশি নাটকেও কাজ করেন এই নায়িকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা