বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ বুধবার বলেছেন, বাংলাদেশ যখনই কোনো দুর্যোগ বা মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, চীন বরাবরই তার পাশে দাঁড়িয়েছে। তিনি প্রয়োজনের সময়ে ঢাকার প্রতি বেইজিংয়ের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরে সংস্থাটিকে (বিডিআরসিএস) জরুরি সহায়তা হিসেবে ১ লাখ মার্কিন ডলার হস্তান্তরকালে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘এই কঠিন সময়ে চীনের জনগণ বাংলাদেশের জনগণের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছে।’
রাষ্ট্রদূত চীনের রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে দেশজুড়ে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বিডিআরসিএস-এর চলমান জরুরি কার্যক্রমে সহায়তার জন্য এই অর্থ দান করেন।
বিডিআরসিএস-এর চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালাম সংস্থার পক্ষ থেকে এই সহায়তা গ্রহণ করেন।
সাম্প্রতিক ভারী বর্ষণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে ইয়াও বলেন, ভয়াবহ বন্যায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে, লাখ লাখ মানুষ আটকা পড়েছেন এবং কৃষিজমি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
তিনি বলেন, ‘এই অনুদান বাংলাদেশের জনগণের প্রতি চীন সরকার ও জনগণের আন্তরিক উদ্বেগ এবং সংহতির প্রতিফলন।’
ইয়াও বলেন, বাংলাদেশ যখনই কোনো দুর্যোগ বা মানবিক সংকটের সম্মুখীন হয়েছে, চীন বরাবরই সহায়তা প্রদান করেছে। জরুরি সহায়তার বাইরেও চীন বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি এবং বন্যা মোকাবিলার সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি সক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে আসছে।
তিনি আরও বলেন, গত বছর চীন বিডিআরসিএস-কে জরুরি সরঞ্জাম দান করেছিল, যা এখন চলমান বন্যা মোকাবিলায় কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে।
রাষ্ট্রদূত মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রয়োজনে বিডিআরসিএস স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে চীনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।