জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। সম্প্রতি পারিবারিক এক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। সামাজিকমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন গায়ক নিজেই।
শেখ সাদী জানান, আংটিবদলের সিদ্ধান্তটি পরিকল্পিত ছিল না, পরিবারের সিদ্ধান্তে হঠাৎ করেই বাগদান সারেন তিনি। তবে আনুষ্ঠানিক বিয়ের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
গায়ক বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’
জানা যায়, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, সংগীতাঙ্গনে শেখ সাদীর শুরুটা বছর কয়েক আগে। ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার একাধিক গান তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ইতিমধ্যে এই গায়কের আলাদা একটি শ্রোতাগোষ্ঠীও তৈরি হয়েছে। বিভিন্ন ডিজিটাল মাধ্যমে তার গাওয়া বেশকিছু গান কোটির মাইলফলক ছুঁয়েছে। এর মধ্যে ‘ললনা’ গানটির জন্য তিনি বেশ জনপ্রিয়তা পান।
এই তরুণ সংগীতশিল্পীকে অভিনয়েও পাওয়া গেছে। ‘শহরের নতুন অতিথি’ নামের একটি নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। গানে সাফল্যের পর থেকেই বিভিন্ন সময় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন এই গায়ক। চার বছর আগে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সংশয়’ নামের একটি সিনেমায় অভিনয়েরও সুযোগ পান। তবে একদিন শুটিং করেই নিজেকে সরিয়ে নেন তিনি।
বলা দরকার, চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ফ্রেমবন্দি হয়ে আলোচনায় এসেছিলেন শেখ সাদী। নেটদুনিয়ায় ছড়িয়েছিল তার প্রেমের গুঞ্জনও।