ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দুই ঘণ্টার মধ্যেই নিয়োগ দেওয়া সেই প্রজ্ঞাপন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই ঘণ্টা পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আরেকটি প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করা হয়।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মে ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকসমূহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।’
কী কারণে উপাচার্যের নিয়োগ বাতিল করা হলো, প্রজ্ঞাপনে সেই কারণ উল্লেখ করা হয়নি।