সংগীতের মানুষ প্রীতম হাসান ও জেফার রহমান। গানের পাশাপাশি অভিনয়েও পাওয়া গেছে তাদের দু’জনকে। এবার তাদের দু’জনকেই অভিনয়ে পাওয়া যাবে একসঙ্গে। প্রীতম ও জেফারকে নিয়ে শিহাব শাহীন তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। বাংলা নববর্ষ উপলক্ষে আসছে ১৪ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ফিল্মটি।
‘তুমি আমি শুধু’ শুটিং শেষ হয়েছে প্রায় বছরখানেক আগে। তবে টেকনিক্যাল সমস্যার কারণে আটকে ছিল এটি। নানা জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে ‘তুমি আমি শুধু’। সম্প্রতি এর টিজার প্রকাশ করে মুক্তির তারিখ ঘোষণা করেছে বিঞ্জ।
ওয়েব ফিল্মের গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে তুমি আমি শুধু ফিল্মটি। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। নিজের জীবনটাকে নিজের স্বাধীন ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। সেই জটিলতা ঘিরে গল্প এগোতে থাকে। আবার এভাবেও বলা যেতে পারে, এটা এক জোড়া মানুষের প্রেমের গল্প। সেই গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক।’
এদিকে, প্রীতম ও জেফার একসঙ্গে প্রথমবার হলেও এর আগে শিহাব শাহীনের পরিচালনায় দুজনেরই অভিনয়ের অভিজ্ঞতা আছে। প্রীতম অভিনয় করেন এই নির্মাতার ওয়েব ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ক্যাকটাস’ ওয়েব সিরিজে। জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে।
দুই সংগীতশিল্পীকে নিয়ে কাজ করা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘প্রীতম ও জেফার অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন। প্রীতম যেমন গানের পাশাপাশি ভালো অভিনয় করেন, তেমনি জেফারও তার কাজের বিষয়ে খুব সিনসিয়ার। এই জুটিকে নিয়ে আমি আশাবাদী। আশা করি দর্শকের ভালো লাগবে।’
‘তুমি আমি শুধু’ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন শিহাব শাহীন।