কঙ্গো প্রজাতন্ত্রের মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করায় পর্তুগাল ফুটবল দল এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সমালোচনায় মেতেছেন ভক্তরা।তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘রোনালদো আমাদের সবার জন্য একটি দারুণ উদাহরণ। সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করতে চায় এবং দলের জন্য অবদান রাখতে চায়। সে আমাদের দলের আদর্শ।’
তবে সমর্থকদের কৌতূহল বাড়িয়ে মার্তিনেজ নিশ্চিত করেননি যে উজবেকিস্তানের বিপক্ষে রোনালদো শুরুর একাদশে থাকবেন কি না। তিনি জানান, ম্যাচের দল এখনও খেলোয়াড়দেরও জানানো হয়নি।
প্রথম ম্যাচের হতাশাকে প্রেরণায় পরিণত করতে চাইছেন পর্তুগিজ কোচ। তার বিশ্বাস, ডিআর কঙ্গোর বিপক্ষে পয়েন্ট হারানোর কষ্টই দলকে আরও ক্ষুধার্ত করে তুলবে। মার্তিনেজ বলেন, ‘ম্যাচের পর আমরা সবাই হতাশ ছিলাম। কিন্তু সেই হতাশাই পরবর্তী ম্যাচের প্রস্তুতির জন্য সবচেয়ে ভালো সূচনা হতে পারে।’
অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া উজবেকিস্তানও সহজ প্রতিপক্ষ নয়। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হারলেও লড়াই করেছে তারা। ফলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই পর্তুগালের সামনে।