মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সংসদে নিকাব নিয়ে বিএনপির এমপির কটূক্তি, বক্তব্য প্রত্যাহারের আহ্বান

প্রতিবেদকের নাম

জাতীয় সংসদে নারীদের বোরকা ও নিকাব নিয়ে কটূক্তিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি এ ধরনের মন্তব্যকে দুঃখজনক, অশোভন এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী বলে উল্লেখ করেছেন।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে কোনো নারীর ধর্মীয় পোশাককে বিদ্রূপ বা উপহাসের বিষয় বানানো সভ্য ও শালীন রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একজন সংসদ সদস্যের মুখ থেকে এমন মন্তব্য জাতির জন্য অনাকাঙ্ক্ষিত।

তিনি বলেন, বোরকা ও হিজাব মুসলিম নারীদের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ব্যক্তিগত অধিকারের অংশ। এসব পোশাক নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ শুধু সংশ্লিষ্ট নারীদেরই নয়, বরং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কোটি মানুষের অনুভূতিতে আঘাত হানে।

মাওলানা রাব্বানী আরও বলেন, জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে এমন বক্তব্য জনগণের কাছে ইতিবাচক বার্তা দেয় না। রাজনৈতিক আলোচনা হওয়া উচিত নীতি, আদর্শ ও জনস্বার্থের বিষয়কে কেন্দ্র করে; ব্যক্তিগত পোশাক বা ধর্মীয় পরিচয়কে লক্ষ্য করে কটাক্ষ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় সংসদসহ সমাজের সর্বস্তরে শালীনতা, পারস্পরিক সম্মান এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা