সামাজিকমাধ্যমে প্রায় প্রতিদিনই নিত্যনতুন বিষয়ে সমালোচনায় মেতে উঠেন নেটিজেনরা। যদিও সেসবের অধিকাংশ কতটা অর্থপূর্ণ বা যুক্তিযুক্ত- তা এক প্রশ্ন বটে! এবার তেমনই এক বিষয়কে কেন্দ্র করে আফসোস প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে অন্যের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনাকারীদেরকে একহাত নিয়েছেন তিনি।
ফারিয়া লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যে রকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম, সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাতো, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০-এর বেশি শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও দেখাতো- তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো।’
সামাজিকমাধ্যমে এরইমধ্যে শবনম ফারিয়ার এই পোস্ট ভাইরাল হয়েছে। তার পোস্টটি অনুরাগীদের অনেকে শেয়ার করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ছোটপর্দা বা সিনেমায় কম কাজ করছেন শবনম ফারিয়া। কারণ, মানসম্পন্ন বা ভালো চিত্রনাট্যের অপেক্ষা। অভিনেত্রীর স্পষ্ট কথায়, ‘ভালো স্ক্রিপ্ট ছাড়া কাজ করছি না। এর সুবিধা হচ্ছে দর্শক জানবেন- আমি যে কাজটি করব, তা অবশ্যই ভালো কাজ, গড়পড়তা কিছু হওয়ার সম্ভাবনা নেই। অভিনয় কম করি বলে এই পরিবেশন, শুটিং সবকিছু মিস করি। তবুও আমি সিদ্ধান্তে অটল ভালো কাজ ছাড়া করছি না।’