নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি ব বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার টিপুরদী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এ শোভাযাত্রা বের করা হয়। পরে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকা হয়ে মেঘনা সেতু পার হয়ে ভবেরচর এলাকা ঘুরে প্রায় ৩০ কিলোমিটার এলাকা প্রদণিন শেষে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এসে শেষ হয়।
আয়োজকেরা জানান, সোনারগাঁ উপজেলা আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় প্রায় শতাধিক মোটরসাইকেল আরোহী অংশ নেন। আর্জেন্টিনা পতাকা, জার্সি ও বিভিন্ন ব্যানার নিয়ে ক্ষুদে সমর্থকরাও এতে অংশগ্রহণ করে।
আয়োজকেরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমর্থকদের একত্রিত করে এ আয়োজন করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক মনিরুজ্জামান মনির বলেন, ‘ফুটবল বিশ্বকাপ এলেই আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। আর্জেন্টিনা দলের ফুটবল খেলা আমাদের আকৃষ্ট করে। তাই সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে একত্র হয়েছি।’
অপর সমর্থক কামরুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনা সমর্থন করি। দলের খেলোয়াড়দের প্রতি আমাদের আলাদা ভালোবাসা রয়েছে। আশা করি, এবারের আসরে দল ভালো ফল করবে।’
শোভাযাত্রাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। সাদা-আকাশি রঙের উপস্থিতিতে পুরো আয়োজনটি ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।