রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের প্রতিটি ঘাটে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ বুধবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের মুখে স্থায়ী ব্যারিয়ার নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি ঘাট ব্যবস্থাপনা সার্বক্ষণিক তদারকির জন্য একটি আধুনিক কন্ট্রোল রুমও স্থাপন করা হবে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’
নদীভাঙন প্রসঙ্গে তিনি বলেন, ‘দৌলতদিয়া ঘাট এলাকায় স্থায়ীভাবে নদীভাঙন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রকল্পটি পর্যালোচনা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আজ বিকেলে প্রতিমন্ত্রীর হঠাৎ এই পরিদর্শনের সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও নৌ-পুলিশসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।