মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর ছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার মো. আওয়াবিন মিয়া এবং বরিশাল জেলার বিমানবন্দর উপজেলার সারসী গ্রামের মো. সাগর মুন্সি। বর্তমানে সাগর মুন্সি পলাতক রয়েছেন।
মামলার বিবরণীর তথ্য অনুযায়ী, সিংগাইর উপজেলার ফোর্ড নগর গ্রামের নবম শ্রেণির ছাত্র সোহান মিয়া করোনা মহামারির সময় পরিবারের কেনা ব্যাটারিচালিত হ্যালো বাইক চালিয়ে পরিবারকে সহযোগিতা করতেন। ২০২১ সালের ১৯ জুলাই সকালে হ্যালোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। পরে খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী সড়কের পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হ্যালোবাইক ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের এ রায় দিয়েছেন।