সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

টেক্সাসে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মার্কিন সেনা

প্রতিবেদকের নাম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সামরিক অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। বুধবার ফোর্ট হুড ঘাঁটির সামরিক অভিযানের অংশ হিসেবে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি একটি মাঠে বিধ্বস্ত হয়। এতে সেখানে বড় ধরনের ঘাসের আগুনও ছড়িয়ে পড়ে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, দুর্ঘটনাটি অস্টিন শহর থেকে প্রায় ৬০ মাইল বা ১০০ কিলোমিটার উত্তরে বেল কাউন্টিতে ঘটে।

বেল কাউন্টির একজন বিচারক ঘটনাস্থলে থাকা দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত দুজনই হেলিকপ্টারটির আরোহী ছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ফোর্ট হুডের সামরিক অভিযানের সময় বেল কাউন্টিতে একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন।

ফোর্ট হুড কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এএইচ-৬৪ অ্যাটাক হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে থাকা দুই সেনা নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর বিধ্বস্ত হেলিকপ্টার থেকে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের কারণে মাঠে বড় ধরনের আগুন ধরে যায়। স্থানীয় বেশ কয়েকটি দমকল বিভাগ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বিশাল একটি এলাকার ঘাস পুড়ে কালো হয়ে গেছে। সেখানে ধোঁয়া উড়তে থাকা পোড়া ধ্বংসাবশেষের আশপাশে দমকলকর্মীদের কাজ করতে দেখা যায়।

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শুরু করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা