‘বিগ বস ২০’-এর মঞ্চে নিজের চেহারা ও শরীর নিয়ে ট্রোলের জবাব দিয়ে নতুন করে আলোচনায় সালমান খান। এর মধ্যেই অভিনেতাকে ‘ভণ্ড’ বলে মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন ‘বিগ বস ৭’-এর সাবেক প্রতিযোগী সোফিয়া হায়াত।
তবে পরে নিজের অবস্থান কিছুটা পরিষ্কার করেছেন সোফিয়া। জানিয়েছেন, সালমানের চেহারা বা বয়স নিয়ে তার কোনো আপত্তি নেই। বরং বয়সকে তিনি আশীর্বাদ হিসেবেই দেখেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সালমানের শার্ট খুলে নিজের শরীর দেখানোর একটি ভিডিও শেয়ার করেন সোফিয়া। সেখানেই সালমানের বিরুদ্ধে তাকে শরীর নিয়ে কটাক্ষ করার অভিযোগ তোলেন তিনি।
সোফিয়া দাবি করেন, ২০১৩ সালে ‘বিগ বস ৭’-এ অংশ নেওয়ার সময় সালমান তার শরীর ও চেহারা নিয়ে সমালোচনা করেছিলেন। একই সময়ে সহপ্রতিযোগী গওহর খানের শরীরের প্রশংসা করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টে সালমানকে ‘ভণ্ড’ বলেও মন্তব্য করেন সোফিয়া। তার এই বক্তব্যের পরই নতুন করে শুরু হয় আলোচনা।
তবে সোমবার দেওয়া আরেক পোস্টে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সোফিয়া। তিনি বলেন, সালমানকে দেখতে কেমন লাগে, তা নিয়ে তার কোনো আপত্তি নেই। বয়স নিয়েও অভিনেতাকে সমালোচনা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বয়স একটি আশীর্বাদ এবং শুধু ২০ বছর বয়সীরাই পৃথিবী চালায় না।
এদিকে ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক ‘উইকেন্ড কা ভার’ পর্বে নিজের চেহারা ও ওজন নিয়ে ট্রোলের জবাব দেন সালমান। মঞ্চে টুপি ও শার্ট খুলে ট্রোলারদের উদ্দেশে তিনি বলেন, তাকে মোটা হয়ে যাওয়ার জন্য ট্রোল করতে চাইলে এখনই করা যেতে পারে।
শুধু নিজের চেহারা নিয়েই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের সংস্কৃতি নিয়েও কথা বলেন সালমান। কোনো তারকা কোনো কাজ বা সিনেমায় দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারলে তাকে গালাগাল বা অপমান করার বিরোধিতা করেন তিনি।
রাজনৈতিক বিষয়ে তারকাদের মন্তব্য চাওয়া নিয়েও প্রশ্ন তোলেন সালমান। তার বক্তব্য, কোনো অভিনেতা রাজনৈতিক বিষয়ে কথা বলতে না চাইতেই পারেন। আবার কোনো বিষয়ে তার কাছে পর্যাপ্ত তথ্য নাও থাকতে পারে। তাই সাংবাদিকেরা প্রশ্ন করেছেন বলেই কোনো তারকাকে মতামত দিতেই হবে—এমনটা নয়।
সোফিয়া হায়াতের সাম্প্রতিক মন্তব্যের পর ২০১৩ সালের ‘বিগ বস’-এর সেই পুরোনো পর্ব এবং সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে।