অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন অভিনেত্রী তানজিন তিশা। এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিশা। তার দাবি, দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমনকি নিজ দেশে সোনার গহনা পরে চলাফেরাকেও নিরাপদ মনে করেন না তিনি।
তানজিন তিশা বলেন, ‘সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না। দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। আমরা নিজেরাই অনেক ঝামেলায় পড়ি, যেগুলো আমরা ডিজার্ভ করি না। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায় মনে হয়, ন্যায়বিচারও পাই না।’
নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাদের মেয়েদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। যে কোনো পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’

সোনার গহনা পরে চলাফেরার প্রসঙ্গেও নিজের মতামত জানান তিশা। তার প্রশ্ন, গহনা সঙ্গে নিয়ে ঘোরার চেয়ে তা পরে চলাফেরা করাই বা কেন নয়? গয়না ব্যাগে রেখে ঘোরার প্রয়োজন নেই, বরং তা পরেই চলাফেরা করা যায় বলে মন্তব্য করেন তিনি।
তিশার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তানজিন তিশা অভিনীত সিনেমা ‘সোলজার’। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।