বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার শিকার হয়েছেন। কাজের প্রয়োজনে সেখানে গিয়ে আহত হওয়ার পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, কাজের একটি দায়িত্ব পালন করতে বালিতে গিয়েছিলেন নুসরাত। সেখানেই দুর্ঘটনার পর আহত হন তিনি। চিকিৎসার প্রয়োজন হওয়ায় বালিতে তার অবস্থানের সময়ও বাড়ানো হয়েছে।
তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে এবং নুসরাতের শরীরে কী ধরনের আঘাত লেগেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়েও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বালির বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরাত। সেখানে কাজের পাশাপাশি অবসর সময় কাটানোর মুহূর্তও দেখা গিয়েছিল।
এদিকে ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ভারুচা। টাইগার শ্রফ অভিনীত একটি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো টাইগারের সঙ্গে জুটি বাঁধছেন নুসরাত।
সিনেমাটিতে পাস্মিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও অভিনয় করছেন বলে জানা গেছে।
নুসরাতকে সর্বশেষ সোহম শাহর সঙ্গে ‘উফফ ইয়ে সিয়াপ্পা’ সিনেমায় দেখা গেছে।