শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিবাহবিচ্ছেদের পরও কেন সিঁদুর পরেন, জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জরায়ুমুখ-স্তন ক্যানসার চিকিৎসায় জার্মানির হাসপাতালের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ বাংলাদেশের

প্রতিবেদকের নাম

বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, রোগনির্ণয় এবং আধুনিক চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জার্মানির বার্লিনে অবস্থিত ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ভিত্তিক চিকিৎসা প্রতিষ্ঠান শারিতে ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন পরিদর্শন করেছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আজ শনিবার অনুষ্ঠিত এ সফরে বাংলাদেশের ক্যানসার চিকিৎসাব্যবস্থার উন্নয়নে প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘমেয়াদি কৌশলগত ও কারিগরি সহযোগিতা প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল এবং সহ-নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। শারিতে হাসপাতালের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্ত্রীরোগসংক্রান্ত ক্যানসার চিকিৎসাবিশেষজ্ঞ অধ্যাপক ড. জালিদ সেহৌলি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ক্যাথরিন ও তার সহকর্মীরা এবং জার্মান হেলথ অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক লারা প্যাটারসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্যব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিক ব্যবস্থা থেকে প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উপযোগী আধুনিক ব্যবস্থায় রূপান্তরের যে উদ্যোগ চলমান রয়েছে, এ সফর তারই অংশ। বিশেষ করে নারীদের স্বাস্থ্যসুরক্ষা এবং প্রতিরোধযোগ্য রোগের কারণে অকালমৃত্যু কমানো সরকারের অন্যতম অগ্রাধিকার।

বর্তমানে বাংলাদেশ সরকার ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সঙ্গে যৌথভাবে দেশের স্বাস্থ্যব্যবস্থায় জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, শনাক্তকরণ এবং চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য হলো প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে ক্যানসার প্রতিরোধ, স্ক্রিনিং এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ কার্যক্রমকে সমন্বিত করা, যাতে নারীরা নিজ নিজ এলাকার কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র থেকেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারেন।

একই সঙ্গে রোগ শনাক্ত হওয়ার পর দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলা, রোগনির্ণয় সক্ষমতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাপদ্ধতির সম্প্রসারণ এবং বিশেষায়িত চিকিৎসাসেবার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শারিতে হাসপাতাল পরিদর্শনকালে বাংলাদেশ প্রতিনিধিদল জরায়ুমুখ ও স্তন ক্যানসারের সমন্বিত চিকিৎসাব্যবস্থা, আধুনিক রোগনির্ণয় প্রযুক্তি, বহুবিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে রোগী ব্যবস্থাপনা, বিশেষায়িত চিকিৎসাপদ্ধতি এবং চিকিৎসাসেবার সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে।

বৈঠকে বাংলাদেশের সংশ্লিষ্ট স্বাস্থ্য ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শারিতে হাসপাতালের একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময়, ক্লিনিক্যাল মেন্টরশিপ এবং আধুনিক চিকিৎসাপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধির ওপর।

পাশাপাশি ক্যানসার রোগনির্ণয় ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো, মানসম্মত চিকিৎসা প্রটোকল, গুণগত মান নিশ্চিতকরণ, কার্যকর রেফারেল ব্যবস্থা এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয়ে চিকিৎসাসেবা প্রদানের সক্ষমতা উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশ প্রতিনিধিদল উল্লেখ করে, ক্যানসারজনিত মৃত্যুহার কমাতে শুধু বিশেষায়িত হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন একটি সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা, যেখানে ঝুঁকিপূর্ণ নারীদের চিহ্নিত করা, নিয়মিত স্ক্রিনিং, প্রাথমিক পর্যায়ে রোগনির্ণয়, দ্রুত রেফারেল এবং রোগ জটিল পর্যায়ে পৌঁছানোর আগেই কার্যকর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল নারীদের স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসাসেবার সম্প্রসারণে বাংলাদেশ সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের সব অঞ্চলের নারীদের জন্য আধুনিক, ন্যায়সংগত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্বের অগ্রসর চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে রোগের জটিল পর্যায়ে চিকিৎসা প্রদানের প্রচলিত ব্যবস্থা থেকে প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো কার্যকর চিকিৎসানির্ভর ব্যবস্থায় রূপান্তরের সরকারি পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের নারীদের অকালমৃত্যুর অন্যতম কারণ হিসেবে এ দুটি রোগের অবস্থান আর গ্রহণযোগ্য হতে পারে না।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কমিউনিটি পর্যায়ের সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের সঙ্গে রোগনির্ণয় কেন্দ্র, বিশেষায়িত হাসপাতাল, চিকিৎসা এবং পরবর্তী ফলোআপ সেবার একটি কার্যকর ধারাবাহিক সংযোগ গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও ইউএনএফপিএর সহযোগিতায় বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, শারিতে হাসপাতালের সঙ্গে সম্ভাব্য অংশীদারত্ব সেই উদ্যোগে আন্তর্জাতিক চিকিৎসা দক্ষতা, আধুনিক প্রযুক্তিগত জ্ঞান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।

আলোচনা শেষে বাংলাদেশ প্রতিনিধিদল ও শারিতে হাসপাতাল কর্তৃপক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তুলতে নীতিগতভাবে সম্মত হয়। বিশেষ করে বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কারিগরি দক্ষতা উন্নয়ন, বিশেষায়িত প্রশিক্ষণ এবং জরায়ুমুখ ও স্তন ক্যানসার ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করে।

আলোচনায় চিহ্নিত অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্রগুলোতে কারিগরি সহযোগিতা বাস্তবায়ন এবং সম্ভাব্য প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের কাঠামো নির্ধারণে পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এই উদ্যোগ বাংলাদেশের সঙ্গে ইউরোপের অগ্রসর চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য হলো এমন একটি সমন্বিত, সহজলভ্য ও টেকসই ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা, যার মাধ্যমে জরায়ুমুখ ও স্তন ক্যানসারে নারীদের অকালমৃত্যু উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব এলাকার নারী, তাঁদের আর্থসামাজিক অবস্থা নির্বিশেষে, যাতে সময়মতো মানসম্মত প্রতিরোধমূলক, রোগনির্ণয় ও চিকিৎসাসেবা পেতে পারেন, তা নিশ্চিত করা।

বার্লিনের শারিতে হাসপাতালে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ সফর প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, আন্তর্জাতিক কারিগরি সহযোগিতা, স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়ন এবং নারীস্বাস্থ্যে কৌশলগত বিনিয়োগের মাধ্যমে একটি আধুনিক, জনবান্ধব ও প্রতিরোধমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার সরকারি অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা