রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাকিবের নায়িকা পাকিস্তানের কিনজা হাশমি!

প্রতিবেদকের নাম

ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘মহব্বত’ সিনেমা ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে আলোচনা। বিশেষ করে এতে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। কখনো হানিয়া আমির, কখনো সজল আলি, আবার কখনো ইয়ামনা জায়েদীর নাম শোনা গেছে। তবে এবার সামনে এসেছে নতুন এক নাম। জানা যাচ্ছে, শাকিবের নায়িকা হতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কিনজা হাশমি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, এরই মধ্যে কিনজার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান। ফলে শাকিবের নতুন নায়িকাকে ঘিরে রহস্য এখনো কাটেনি।

পাকিস্তানের বিনোদন অঙ্গনে পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ে যাত্রা শুরু করেন তিনি। টেলিভিশন নাটকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা এই অভিনেত্রী বিশেষভাবে আলোচনায় আসেন ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন আলোচিত টেলিছবি ‘রূপোশ’-এও।

শুধু ছোট পর্দায় নয়, সিনেমা ও মডেলিংয়েও কাজ করেছেন কিনজা। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। এবার শাকিব খানের বিপরীতে অভিনয়ের খবর সত্যি হলে বাংলাদেশের সিনেমায় নতুন অধ্যায় শুরু হবে এই পাকিস্তানি অভিনেত্রীর।

এদিকে ‘মহব্বত’র নায়িকা নির্বাচন নিয়ে শুরু থেকেই গোপনীয়তা বজায় রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। সিনেমার প্রথম পোস্টারেও রাখা হয়েছে চমক। সেখানে শাকিবের পাশে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর উপস্থিতি দেখা গেলেও আড়াল করা হয়েছে তার মুখ। জানা গেছে, জমকালো আয়োজনের মাধ্যমে নায়িকাকে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

শাকিব খানের সিনেমায় বিদেশি নায়িকা অবশ্য নতুন কিছু নয়। কলকাতার শ্রাবন্তী, শুভশ্রী, পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, সায়ন্তিকা, ইধিকা পাল, মিমি চক্রবর্তী ও দর্শনা বণিকসহ একাধিক ভারতীয় অভিনেত্রী তার বিপরীতে অভিনয় করেছেন। সেই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফিও।

বিশেষ করে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে শাকিবের আগের দুটি সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’য় তার সঙ্গে জুটি বাঁধেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটি মুক্তির পর বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এবার একই নির্মাতা-প্রযোজক জুটির নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীকে নেওয়ার খবর সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’র শুটিং। সবকিছু পরিকল্পনামতো এগোলে একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা