হেলাল খানের বিরুদ্ধে জয় চৌধুরীর একের পর এক অভিযোগ, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আলোচনা
চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে এফডিসিতে শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এ ঘটনায় হেলাল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এফডিসিতে প্রবেশ করে কয়েকজন শিল্পীর সঙ্গে হেলাল খানের উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁর আচরণের সমালোচনা করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি চিত্রনায়ক জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
এরপর জাসাসের আহ্বায়ক হেলাল খান জয় চৌধুরী ও অন্য শিল্পীদের ওপর চড়াও হন বলে অভিযোগ ওঠে।
মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে জয় চৌধুরী বলেন, ‘হেলাল খান সেদিন কেন ওই রকম আচরণ করলেন, আমি ঠিক বুঝলাম না। সেদিন তিনি ১০০ বহিরাগত শিল্পী এনে আমাদের শিল্পীকে বাস্টার্ড বলেছেন। আমাদের শিল্পীকে গালিগালাজ করেছেন। এটা তো তিনি করতে পারেন না।’
জয়ের দাবি, ঘটনার পর নিজেকে নির্দোষ প্রমাণ করতে হেলাল খান নানা ধরনের কথা বলছেন। তাঁর সঙ্গে হেলাল খান অহেতুক খারাপ আচরণ করেছেন এবং তাঁকে মারধরের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন এই অভিনেতা।
তিনি বলেন, ‘আমার সঙ্গে তিনি অহেতুক খারাপ আচরণ করেছেন। উনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে। তিনি আমার সব মেম্বারকে বাস্টার্ড বলতে পারেন না। আমার মেম্বারদের মারার হুমকি দিতে পারেন না।’
শিল্পীদের আত্মসম্মানবোধের বিষয়টি তুলে ধরে জয় আরও বলেন, ‘আমরা শিল্পীরা কারও কাছে মাথা বিক্রি করে দিইনি। আমাদের শিল্পীদের একটা আত্মসম্মানবোধ আছে। কে কী সিদ্ধান্ত নেবে, সেটা শিল্পীদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।’
এদিকে হেলাল খানের নেতৃত্বাধীন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জয় চৌধুরী। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান। ওই প্ল্যাটফর্মে কাজ করতে অনীহার কথাও স্পষ্ট করেছেন তিনি।
হেলাল খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন জয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।