মেহেরপুরের মুজিবনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে হানিফ মহলদারসহ (৫০) তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তহুরা ওই গ্রামের মরহুম রমজান মহলদারের স্ত্রী। আহতরা হলেন হানিফ, রহজান মহলদার (৪০) ও শহিদুল মোল্লাকে (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্যবসায়ীক কাজে বাড়ি থেকে বের হন হানিফ। এ সময় প্রতিপক্ষের লোকজন বাঁশ, কাঠ ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ছেলেকে রক্ষা করতে গিয়ে তহুরা এগিয়ে এলে হামলাকারীদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে হানিফের মামা শহিদুল ও রহজান ঘটনাস্থলে ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন আহতরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তহুরাকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ইসলাম মহলদার (৫০), শাহিন মহলদার (২৫), জাহিদ মহলদার (২২), ছয়রদ্দীন মহলদার (৪৫), আসান মহলদার (৬০), জানদার মহলদার (৬০) ও আমজাদ মহলদারসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠেছে। হামলাকারীরা পলাতক থাকায় ও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সত্যতা যাচাই করেছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলছে।