ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন ‘কেউ কথা বললেই তাকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের মূলতবি অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।
বিজেপি চেয়ারম্যান বলেন, ‘জুলাই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হচ্ছে প্রক্রিয়া নিয়ে। আপনারা যদি সংবিধান ছিঁড়ে ফেলে নতুন করে বানাতে চাইতেন, তবে সেই সময় রেভল্যুশনারি (বিপ্লবী) বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন? একটি সাধারণ সরকারে থেকে, পুরোনো সংবিধানে থেকে আপনারা সংবিধান বাতিল করতে চাচ্ছেন— এটা আসলে হয় না।’
যৌক্তিক প্রশ্ন তুললেই ‘জুলাইয়ের বিপক্ষের শক্তি’ বানানোর চেষ্টা হয় অভিযোগ তুলে এর সমালোচনা করেন পার্থ। তিনি বলেন, ‘কেউ কথা বললেই তাকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করানোর একটা পাঁয়তারা দেখতে পাচ্ছি। এটা আমাকে আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয়। তখন আমরা তেলের দাম নিয়ে কথা বললেও বলা হতো— ওরা যুদ্ধাপরাধীদের বিচার চায় না।
এর আগে সোমবার (৩০ মার্চ) জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব করেন কিশোরগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
তার আগে ১২ মার্চ জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় পার্থ বলেন, এ সংসদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা বিগত ১৫ বছর আন্দোলন করেছি তাদের কেউ এখানে নেই। এই এক জায়গায় আমাদের সবার এক থাকা দরকার যে, আমরা গণতন্ত্রকে সামনে রেখে চলব।
উল্লেখ্য, ১২ মার্চ শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন গত ১৫ মার্চ ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে মূলতবি করা হয়েছিল। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে অধিবেশন পুনরায় শুরু হয়।