জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম এবং মুখ্য সংগঠক হিসেবে যায়েদ বিন ওসমানকে মনোনীত করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দিয়ে এ কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সদস্য সচিব ইফতেহার উদ্দিন তামিম বলেন, ‘সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে স্মরণ করছি ২৪ এর শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা ছাত্রসংগঠনের একজন অংশীদার হিসেবে এটা শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার দায়বদ্ধতা। শহীদদের সেই আকাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেই দোয়া কামনা করছি।’
আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান সহ এই ভূখণ্ডের জন্য আত্নত্যাগ করা প্রতিটি শহীদের আকাঙ্খাকে ধারণ করে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমরা দলীয় এজেন্ডার বাহিরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ করে যাবো ইনশাআল্লাহ। আমরা ধর্ম বর্ণ লিঙ্গের উর্ধে গিয়ে একটি নতুনধারার মধ্যপন্থী রাজনীতি বিনির্মানের পথে আগাচ্ছি। এই পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আমরা পাশে চাই।’