রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌর শহরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে হারাগাছ পৌর শাখা বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজুর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
আজ শনিবার দুপরে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু।
অভিযুক্ত সাইদুল ইসলাম রঞ্জু হারাগাছ পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক।
শোকজ নোটিশে বলা হয়েছে, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার কথা বলে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু বলেন, ‘সরকারি ভাতা দেওয়ার নামে দলীয় পরিচয় ব্যবহার করে কারও কাছ থেকে টাকা নেওয়া অপরাধ। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতার প্রদানের কথা বলে সাইদুল ইসলাম রঞ্জুর টাকা নেওয়া এবং পরে ফেরত দেওয়ার একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
তিনি আরও বলেন, পরবর্তীতে বিষয়টি পৌর বিএনপি নেতাদের নজরে আসায় সেটির তদন্ত করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সাইদুল ইসলাম রঞ্জুকে শোকজ করা হয়েছে।
মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমীন বলেন,‘সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে বিএনপি নেতা রঞ্জু তাদের তিনজনের কাছে ৩৪ হাজার টাকা দাবি করেন। পরে আলোচনার একপর্যায়ে ৩০ হাজার টাকা দিলে নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি। পরে তারা তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন এবং বাকি টাকা কয়েক দিন পর দেওয়ার কথা বলেন। তবে দলীয় পরিচয়ে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পরদিন রঞ্জু ওই টাকা ফেরত দেন।’