সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-২০২৬ পরীক্ষার ফলাফল পর্যালোচনা, ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান এবং উত্তরণের উপায় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা আড়াইটায় সুনামগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল এবং জেলা শিক্ষা অফিস, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. শহীদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. মোহাম্মদ আব্দুল কাদির, উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ, সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক এবং সুনামগঞ্জের জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন।
সভায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল বিস্তারিতভাবে পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি বা ফলাফল বিপর্যয় ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার কারণ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী বছরগুলোতে পাসের হার বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সভায় উপস্থিত প্রতিষ্ঠানপ্রধানদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জেলার শিক্ষার সামগ্রিক পরিস্থিতি, এসএসসি পরীক্ষার ফলাফল এবং ফলাফল উন্নয়নে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।